দেশের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে এসেছিলেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। আসলামের বিরুদ্ধে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে ডিবির প্রধান শফিকুল ইসলাম বলেন, আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় আসলামকে তারা গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলাটি এখন ডিবি তদন্ত করছে।
আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। বাবার নাম শেখ জিন্নাত আলী। নব্বইয়ের দশকের আলোচিত সন্ত্রাসী শেখ মো. আসলাম। তবে সুইডেন আসলাম নামেই তিনি বেশি পরিচত। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন তিনি।
১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ আছে আসলামের বিরুদ্ধে। এরপর তাঁর বিরুদ্ধে একের পর এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতে থাকে। একপর্যায়ে কিছুদিন তিনি সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে দেশে ফিরে আসার পর ‘সুইডেন’ শব্দটি তাঁর নামের সঙ্গে যুক্ত হয়ে যায়।

