
বিদেশি কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দেশে প্রবেশের আগেই তাদের অতীত অপরাধের ইতিহাস যাচাই করছে মালয়েশিয়া সরকার। দেশটির জাতীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে এ যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশটিতে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী বিদেশি কর্মীর অনুপাত ১৩ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতুক খায়রুল ফিরদৌস আকবার খান দেশটির সংসদের নিম্নকক্ষ দেওয়ান রাকিয়াতে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান। তিনি বলেন, বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশের আগে তাদের অপরাধের ইতিহাস যাচাই করা হয়। এ জন্য জাতীয় পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বিত একটি ব্যবস্থা চালু রয়েছে। দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে সরকার অবগত। মালয়েশিয়ায় কাজ করতে আসা প্রত্যেক বিদেশি কর্মীকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে যেসব নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ দেবেন, তাঁদেরও সরকারের নির্ধারিত বিধিবিধান মেনে চলতে হবে। খায়রুল ফিরদৌস বলেন, এ ধরনের ঘটনা কমাতে এবং দেশের নাগরিকদের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সরকার আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় খুঁজে দেখবে।
সম্প্রতি এক হামলায় এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ১৫ বছর বয়সী এক কিশোর বিদেশি নাগরিকের হামলার শিকার হওয়ার ঘটনা উল্লেখ করে বিদেশি কর্মীদের মালয়েশিয়ার আইন ও নিরাপত্তাবিধি সম্পর্কে সচেতন করতে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছিলেন পিএন-পাদাং তেরাপের সংসদ সদস্য নুরুল আমিন হামিদ। তাঁর সম্পূরক প্রশ্নের জবাবে মানবসম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন।
এদিকে, বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে পিএইচ-সেলায়াংয়ের সংসদ সদস্য উইলিয়াম লিয়ং জি কিনের এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০৩০ সালের মধ্যে অস্থায়ী কর্মসংস্থান অনুমতিপত্রধারী (পিএলকেএস) বিদেশি কর্মীর অনুপাত ১০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। ২০২৬ সালে এ হার ১৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনার (১৩এমপি) আওতায় বিদেশি কর্মী নিয়োগের সর্বোচ্চ সীমা ২০২৬ সালের ২২ লাখ ৪৮ হাজার থেকে কমিয়ে ২০৩০ সালে ১৭ লাখ ৮৮ হাজারে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানবসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরও জানান, গত বছরের ১৫ অক্টোবর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের তথ্যভান্ডার মাইআইএমএমএসে পিএলকেএসধারী বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২০ লাখ ৮২ হাজার। অন্যদিকে, ২০২৬ সালের জন্য বিদেশি কর্মী নিয়োগের জাতীয় নির্ধারিত সীমার মধ্যে তখনো ২ লাখ ৪১ হাজার ১৭৮ জন নিয়োগের সুযোগ অবশিষ্ট ছিল।
তিনি বলেন, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতভিত্তিক শতকরা হার নির্ধারণের পদ্ধতি বাতিল করেছে সরকার। এর পরিবর্তে ত্রয়োদশ মালয়েশিয়া পরিকল্পনায় নির্ধারিত বার্ষিক নিয়োগসীমা অনুসরণ করে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে।
স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে উপমন্ত্রী বলেন, বিদেশি কর্মী নিয়োগের আবেদন করার আগে নিয়োগকর্তাদের অন্তত ১৪ কর্মদিবসের জন্য সরকারি চাকরির পোর্টাল মাইফিউচারজবসে শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। পাশাপাশি ১৯৫৫ সালের কর্মসংস্থান আইনের ৬০কে ধারার আওতায় আগাম অনুমোদন নিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করার পরই বিদেশি কর্মী নিয়োগের কোটা চাওয়া যাবে।
বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে প্রযুক্তির ব্যবহার, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও আধুনিক উৎপাদন ব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন করপোরেশন, সামাজিক নিরাপত্তা সংস্থা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে স্থানীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও নতুন দক্ষতা অর্জনের কর্মসূচি জোরদার করা হচ্ছে।
সরকারের লক্ষ্য, স্থানীয় কর্মীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা সম্প্রসারণ করে আগামী চার বছরের মধ্যে বিদেশি কর্মীর ওপর মালয়েশিয়ার নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

