শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২৫টি তৈরি পোশাক কারখানা। এছাড়া কর্মবিরতি পালন করায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে চারটি কারখানা।

শিল্প পুলিশ জানায়, সকালে এসব কারখানায় শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। পরে মালিকপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বাড়ি চলে যায়।
এদিকে, শিল্পাঞ্চল সাভারে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অন্যদিকে, আশুলিয়ার বেলতলা এলাকায় গ্রামীণ কল্যাণ অফিসের সাইনবোর্ড ও ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

