
নীলফামারী জেলার প্রথম অনলাইন সংবাদ মাধ্যম ‘চিলাহাটি ওয়েব ডটকম’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন নিউজ পোর্টালটির দীর্ঘ সময়ের পথচলায় সম্পৃক্ত সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও গুণীজনদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আপেল বসুনীয়া এবং সম্পাদকমণ্ডলীর সভাপতি তরিকুল আহসান ডাবলু প্রতিনিধিদের হাতে নতুন পরিচয়পত্র তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, পুলিশ কর্মকর্তা ও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিগত ১৪ বছর ধরে চিলাহাটি ওয়েব ডটকম এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরছে। অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ সাংবাদিক’, ‘গুণীজন সম্মাননা’ এবং সামাজিক মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরায় ‘ক্রিয়েটর সম্মাননা’ প্রদান করা হয়। বক্তারা আগামী দিনেও জনস্বার্থে এই অনলাইন পোর্টালটির সাহসী ও স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।



