রাইলি মেরেডিথের বাউন্সার ফাইন লেগ দিয়ে ছক্কায় উড়িয়ে কাজ সারলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এর আগে বাউন্সারে হেলমেটে আঘাত লেগে পড়ে যাওয়া বাংলাদেশ অধিনায়ক ম্যাচ শেষ করলেন দারুণভাবে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশ জিতল ৫ উইকেটে। এই জয়ে সিরিজ নিশ্চিত হলো মেহেদী হাসান মিরাজের দলের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই প্রথম ওয়ানডে সিরিজ জয়। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ওয়ানডে সিরিজ জেতা বাকি কেবল ইংল্যান্ডের সঙ্গে। এই নিয়ে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।
জেতার কাজ অবশ্য করে রেখেছিলেন বোলাররাই। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের তোপে দিশাহারা অস্ট্রেলিয়া পেল না লড়াইয়ের পুঁজি। মামুলি লক্ষ্যে শুরুর ধাক্কা সামলে একাদশে ফেরা সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত টানলেন দলকে। পরে নিরাপদে তরি ভেড়ালেন তাওহিদ হৃদয়।
৩৬ বল আগে ম্যাচ শেষ করে হৃদয় অপরাজিত থাকলেন ৫৫ বলে ৪০ রানে। মিরাজ করলেন ২২ বলে ২২। এর আগে শুরুর চাপ সামলে সৌম্য করেন ৪৭ বলে ৪২, শান্তর ব্যাট থেকে আসে ৫৩ বলে ৪২।
ওয়ানডে ইতিহাসে কোন দল শূন্য রানে ৩ উইকেট হারানোর পর ম্যাচ জেতেনি, টস জিতে ব্যাট করা অস্ট্রেলিয়া এমন বিপর্যয়ে পড়ার পরই মূলত ম্যাচ অনেকটা মুঠোয় চলে এসেছিল বাংলাদেশের। পরে একটা শতরানের জুটিতে প্রতিরোধ আর বোলিংয়ে শুরুর দুই-তিন ওভার তাদের জন্য কিছুটা লড়াইয়ের ছবি। বাকি ম্যাচ বাংলাদেশ জিতল দাপট দেখিয়ে।



