
পাবনায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসম্মত ভাবে মাংস প্রক্রিয়াজাত করে জনগনের কাছে পৌঁছে দিতে এবং চিকিৎসকের তত্বাবধানে মান নিশ্চিত করনের মাধ্যমে মাংস সরবরাহের লক্ষ্যে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কশাইখানা নির্মান করা হয়েছে। যেখানে সবসময় নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে স্বাস্থ্যসন্মত ও নিরাপদ মাংস সরবরাহ করার ব্যবস্থা থাকবে।
শুক্রবার ১৩ নভেম্বর পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকার ১নং গেটের পাশে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) যৌথ উদ্যোগে আধুনিক এই কসাইখানাটি উদ্বোধন করেন পাবনা -৫ আসনের সংসদ সদস্য ও শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
এসময় এমপি শিমুল বিশ্বাস বলেন, আমাদের সবাইকে জনগনের কল্যাণের জন্য কাজ করতে হবে। আমরা যদি স্বাস্থ্যসম্মত খাবার মানুষের দ্বারে পৌছে দেয়ার অঙ্গীকার করি, তবেই একজন প্রকৃত মানুষ হিসেবে আমাদের পরিচয় প্রকাশ পাবে। মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করার পাশাপাশি একজন ভালো হিসেবে সমাজের সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।
পাবনা পৌর প্রশাসক খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু তালেব প্রামানিক, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সিনিয়র এ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবির হাসান বাচ্চু, পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, নির্বাহী কর্মকর্তা দুলাল উদ্দিন, জেলা ভেটেনারি কর্মকর্তা ডাঃ সেলিম হোসেন, পৌরসভার স্যানিটারী পরিদর্শক আসাদ হোসেন, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক প্রশাসনিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল কাদির জানান,আধুনিক কশাইখানা নির্মানের মূল উদ্দেশ্য হলো যত্রতত্র পশু জবাই বন্ধ করা , অস্বাস্থ্যকর পরিবেশে মাংস রাখা বা সরবরাহ না করা, পরিবেশের যেন ক্ষতিকর না হয় সেদিকে লক্ষ্য রাখা। সেই লক্ষে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে মাংস প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হবে যাতে করে কেউ স্বাস্থ্য ঝুকির মধ্যে না পরে।
নির্মাণ শেষে কশাইখানাটি পাবনা পৌরসভার নিকট আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে।

