
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বায়োগ্যাস প্ল্যান্ট বর্তমান সময়ে বাংলাদেশে জ্বালানী সংকট কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আদর্শ সদরের আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যুবসমাজের কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার সবচেয়ে বেশি বদ্ধপরিকর। কারণ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হয়ে পরিবারকে স্বাবলম্বী করবে, সর্বোপরি বাংলাদেশ স্বাবলম্বী হবে।
এই লক্ষ্য নিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট সম্পর্কে আগামী এক মাসের মধ্যে বৃহৎ আকারে প্রত্যেকটি উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক ও বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকতে আগামী প্রজন্মের জন্য খেলার উপযোগী মাঠ তৈরি করে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক একে এম মহিবুল ইসলামসহ অনেকে। পরে গ্রামীণ উদ্যোক্তাদের বায়োগ্যাস প্লান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।

