
দেশে হামের উপসর্গ নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত) আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪১৯ জন। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু ১ হাজার ৩০৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগে তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। গত ১৫ মার্চ থেকে আজ ১৩ নভেম্বর সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত ১ হাজার ৩০৪ জনের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১৪৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেল এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ২৮ জনে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

