
দেশে ক্যান্সার চিকিৎসা ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণা এগিয়ে নিতে ‘ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) আয়োজিত এ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ক্যান্সার চিকিৎসায় মলিকিউলার বায়োলজি প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার জাতীয় পর্যায়ে একটি মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ক্যান্সার ইনস্টিটিউটগুলোতে আধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে নতুন ক্যান্সার বিশেষজ্ঞ ও দক্ষ জনবল তৈরির কার্যক্রম চলছে।
স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে প্রতি বছর অনেক নারী স্তন ক্যান্সারে মারা যাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, অধিকাংশ রোগী রোগের অগ্রসর পর্যায়ে চিকিৎসকের শরণাপন্ন হন। দেরিতে রোগ শনাক্ত হলে চিকিৎসার জটিলতা ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ে।
তবে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে মৃত্যুঝুঁকি অনেক কমানো সম্ভব বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ক্যান্সার মানেই মৃত্যু নয়। সঠিক সময়ে রোগ শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা গেলে রোগীরা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন।
নির্দিষ্ট বয়সী নারীদের জন্য নিয়মিত স্ক্রিনিং কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত করতে ব্যাপক জনসচেতনতা তৈরি এবং নির্দিষ্ট বয়সী নারীদের জন্য সুনির্দিষ্ট স্ক্রিনিং কর্মসূচি চালু করতে হবে। সঠিক পদ্ধতিতে স্ক্রিনিংয়ের মাধ্যমে রোগের ঝুঁকি ও লক্ষণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব।
বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডির সভাপতি অধ্যাপক ডা. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি ডা. মো. আরিফুর রহমান। সংগঠনের বিগত বছরের কার্যক্রম ও সম্মেলনের মূল প্রতিপাদ্য তুলে ধরেন সাধারণ সম্পাদক ডা. অরুণাংশু দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং, যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইসমাইল জাতোই এবং অধ্যাপক ডা. ডন এস. ডিজন।
এ ছাড়া বিএসবিসিএসের পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা. এম. এ. হাই ও অধ্যাপক ডা. মো. সানোয়ার হোসেন।

