
মানুষের জীবনে আনন্দের উৎস অসংখ্য। কেউ আনন্দ খুঁজে পান সাফল্যে, কেউ সৃষ্টিশীলতায়, কেউ ভালোবাসায়, আবার কেউ অন্যের মুখে হাসি ফোটাতে পারার মধ্যে জীবনের সার্থকতা খুঁজে পান। অথচ একশ্রেণির মানুষের কাছে অন্যকে অপমান করাই যেন আত্মতৃপ্তির সবচেয়ে বড় উপলক্ষ। কারও আত্মসম্মানে আঘাত করে, সবার সামনে ছোট করে কিংবা অন্যের দুর্বলতাকে পুঁজি করে তারা একধরনের বিকৃত আনন্দ অনুভব করেন। প্রশ্ন জাগে, মানুষ কি সত্যিই এতটা অসুন্দর হয়ে উঠতে পারে যে অন্যের চোখের জল তার কাছে বিনোদনের উপকরণ হয়ে দাঁড়ায়? আসলে সমস্ত অপমানের গভীরে অনেক সময় কাজ করে আমিত্বের উগ্র প্রকাশ, অহমিকা, হীনম্মন্যতা ও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের অসুস্থ আকাঙ্ক্ষা। যে মানুষ নিজের যোগ্যতা ও ব্যক্তিত্বের ওপর আস্থা রাখতে পারেন না, তিনি অনেক সময় অন্যকে ছোট করে নিজের উচ্চতা বাড়ানোর চেষ্টা করেন। অথচ অন্যের মর্যাদা কেড়ে নিয়ে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না। বরং এই আচরণে নিজের ব্যক্তিত্বের দীনতাই প্রকাশ পায়।
সম্মান পেতে ভালোবাসি, সম্মান দিতে শিখি না : মানুষের একটি অদ্ভুত স্বভাব হলো, সে নিজের সামান্য অসম্মানেও আহত হয়, অথচ অন্যের আত্মসম্মানে আঘাত করতে তার বিবেকে বাধে না। নিজের সাফল্যের প্রশংসা শুনতে ভালো লাগে, কিন্তু অন্যের সাফল্যে অভিনন্দন জানাতে অনেকের জিহ্বা ভারী হয়ে আসে। কারও ব্যর্থতায় সমবেদনা জানানোর পরিবর্তে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে তাকে আরও বিব্রত করতেই কেউ কেউ বেশি আগ্রহী। ব্যক্তিগত দুর্বলতা, পারিবারিক সংকট, আর্থিক অসচ্ছলতা কিংবা জীবনের কোনো কঠিন সময়কে তারা সুযোগমতো অপমানের অস্ত্র হিসেবে ব্যবহার করেন। অথচ মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই বিপদে পড়ে, মানুষ মাত্রই কখনো না কখনো অন্যের সহযোগিতার প্রয়োজন অনুভব করে। আজ যে মানুষটি অন্যের দুর্দশা নিয়ে হাসছেন, কাল হয়তো তাকেই একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে। তাই মানুষের পরিচয় তার কতটা ক্ষমতা আছে, কত সম্পদ আছে কিংবা কত মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে, তা দিয়ে নির্ধারিত হয় না; বরং নির্ধারিত হয় সে অন্যের সঙ্গে কতটা মানবিক আচরণ করতে পারে, তা দিয়ে।
অপমানের মনস্তত্ত্ব: অন্যকে ছোট করে নিজেকে বড় ভাবার প্রবণতা : মনোবিজ্ঞানে সামাজিক তুলনা, আত্মবিশ্বাসের ঘাটতি, নিরাপত্তাহীনতা, হীনম্মন্যতা ও ঈর্ষাকে মানুষের অবমাননাকর আচরণের সম্ভাব্য কিছু কারণ হিসেবে বিবেচনা করা হয়। অন্যের সাফল্য যখন নিজের অপ্রাপ্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখন কেউ কেউ সেই অস্বস্তি সামলাতে অন্যের অর্জনকে খাটো করতে শুরু করেন। কেউ পদোন্নতি পেলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, কেউ সম্মানিত হলে তার পেছনে ষড়যন্ত্রের গল্প তৈরি করেন, কেউ আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলে তার উপার্জনের উৎস নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অর্থাৎ নিজের উন্নতির জন্য পরিশ্রম করার পরিবর্তে অন্যের উন্নতির পথ সংকুচিত করাই তাদের কাছে সহজ মনে হয়। মনস্তাত্ত্বিকভাবে এটি আত্মমর্যাদার সুস্থ প্রকাশ নয়; বরং নিজের ভেতরের অস্থিরতা ও অসন্তোষের বহিঃপ্রকাশ হতে পারে। তবে সব অপমানকে শুধু হীনম্মন্যতা দিয়ে ব্যাখ্যা করা যায় না। কখনো ক্ষমতার লোভ, কর্তৃত্ব প্রতিষ্ঠার বাসনা, প্রতিশোধপরায়ণতা এবং অন্যকে নিয়ন্ত্রণ করার ইচ্ছাও এর পেছনে কাজ করে। কারণ যা-ই হোক, অন্যের মর্যাদায় আঘাত করার কোনো নৈতিক বৈধতা নেই।
রাজনীতিতে ক্ষমতার পালাবদল, প্রতিহিংসার পুরোনো সংস্কৃতি : বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিপক্ষকে কোণঠাসা করার প্রবণতা নতুন নয়। রাজনৈতিক দলগুলো বিরোধী অবস্থানে থাকলে গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে; কিন্তু ক্ষমতার আসনে বসার পর অনেক সময় সেই নীতিগুলোরই বাস্তব প্রয়োগে ব্যর্থ হয়। নিজের দল ক্ষমতায় গেলে প্রতিপক্ষের নেতা-কর্মীকে হেয় করা, রাজনৈতিক পরিচয়ের কারণে সামাজিকভাবে বিচ্ছিন্ন করা, মামলা-হামলার ভয় দেখানো কিংবা প্রশাসনিক প্রভাব ব্যবহার করে বিব্রত করার অভিযোগ বিভিন্ন সময়ে সামনে এসেছে। ক্ষমতাসীন দলের সমর্থক হলেই কেউ সব অন্যায়ের ঊর্ধ্বে চলে যান না, আবার বিরোধী দলের সমর্থক হলেই কেউ অপরাধী হয়ে যান না। অথচ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অনেক সময় দলীয় পরিচয়ই মানুষের যোগ্যতা, সততা ও দেশপ্রেমের মাপকাঠি হয়ে দাঁড়ায়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তখন নাগরিকের সেবক না হয়ে ক্ষমতাবানদের ইচ্ছা পূরণের হাতিয়ারে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে। সবচেয়ে দুঃখজনক হলো, যে দল একসময় প্রতিহিংসার শিকার হয়েছে, ক্ষমতায় গিয়ে কখনো কখনো সেই একই আচরণের পুনরাবৃত্তি করে। এভাবে সরকার বদলায়, ক্ষমতার মুখ বদলায়, কিন্তু প্রতিহিংসার চরিত্র বদলায় না।
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যক্তিগত প্রতিশোধের হাতিয়ার নয় : রাষ্ট্রীয় ক্ষমতা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি জনগণের আমানত। জনগণের করের অর্থে পরিচালিত প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর কোনো দলের ব্যক্তিগত প্রতিশোধ বাস্তবায়নের প্রতিষ্ঠান হতে পারে না। একজন রাজনৈতিক কর্মী অপরাধ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু রাজনৈতিক পরিচয়, মতাদর্শ কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে কাউকে মিথ্যা মামলায় জড়ানো, প্রকাশ্যে অপমান করা, ভয়ভীতি দেখানো কিংবা বিচার পাওয়ার পথ বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্যায়ের বিচার প্রয়োজন, কিন্তু প্রতিশোধ কখনো ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। অপরাধীর বিচার আদালতে হবে, জনতার প্রতিহিংসায় নয়।
কর্মস্থলে ক্ষমতার অপব্যবহার: একটি আদেশ, একটি পরিবারের দীর্ঘশ্বাস : রাজনৈতিক অঙ্গনের বাইরে কর্মক্ষেত্রেও অপমান ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহ চিত্র দেখা যায়। সরকারি, স্বায়ত্তশাসিত, বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতবিরোধ থাকতেই পারে। দায়িত্ব পালনে অবহেলা, দুর্নীতি, অসদাচরণ কিংবা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠলে যথাযথ তদন্ত ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাও কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু সমস্যা তৈরি হয় তখন, যখন কোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিজের ঘনিষ্ঠ, অনুগত কিংবা পছন্দের ব্যক্তি দায়িত্ব গ্রহণ করেন এবং সেই সুযোগে প্রতিষ্ঠানের ভিন্নমতের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে শুরু করেন। কাউকে দিনের পর দিন হয়রানি করা, অযৌক্তিক কারণ দর্শানোর নোটিশ দেওয়া, দায়িত্ব থেকে সরিয়ে রাখা, সাময়িক বরখাস্ত করা কিংবা চাকরি থেকে অপসারণের ভয় দেখানো—এসব আচরণ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারে পরিণত হতে পারে। একটি শোকজ নোটিশ কেবল একটি কাগজ নয়; অনেক সময় সেটি একজন মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। একটি সাময়িক বরখাস্তের আদেশ শুধু একজন কর্মীর আয় বন্ধ করে না, তার সন্তানের শিক্ষাব্যয়, পরিবারের চিকিৎসা, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনাকেও অনিশ্চয়তায় ফেলে দেয়।
শোকজ, সাসপেনশন ও চাকরিচ্যুতি: বিধির প্রয়োগ, নাকি প্রতিহিংসার আয়োজন? কারণ দর্শানোর নোটিশ বা শোকজ, সাময়িক বরখাস্ত কিংবা চাকরি থেকে অপসারণ নিজে থেকেই অন্যায় নয়। প্রতিষ্ঠান পরিচালনায় শৃঙ্খলা রক্ষার জন্য এসব প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন হতে পারে। কিন্তু এসব ব্যবস্থার পেছনে সুনির্দিষ্ট অভিযোগ, গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ, নিরপেক্ষ তদন্ত, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত থাকা জরুরি। কোনো কর্মকর্তা ব্যক্তিগত বিরোধের কারণে অধস্তন কর্মীকে শোকজ দিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারেন না। আবার কোনো কর্মী রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণ করেন বলে তাকে দায়িত্ব পালনের সুযোগ থেকে বঞ্চিত করাও ন্যায়সংগত নয়। একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকলে অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে; তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তার মর্যাদা পুনরুদ্ধারের ব্যবস্থাও থাকতে হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী শাস্তি হতে পারে, কিন্তু শাস্তি দেওয়ার নামে কাউকে সামাজিকভাবে হেয় করা কিংবা তার পরিবারকে অপমানিত করার অধিকার কোনো কর্তৃপক্ষের নেই। প্রশাসনিক সিদ্ধান্তের উদ্দেশ্য হওয়া উচিত প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা, ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করা নয়।
সংবিধানের চোখে নাগরিকের মর্যাদা ও চাকরির অধিকার :
বাংলাদেশের সংবিধান নাগরিকের সমতা, আইনের আশ্রয় এবং সরকারি চাকরিতে সমান সুযোগের নিশ্চয়তা দিয়েছে। সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, ২৯ অনুচ্ছেদে সরকারি নিয়োগে সমান সুযোগ এবং ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভ ও আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকার স্বীকৃত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো ১৩৫ অনুচ্ছেদ। এই অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তিকে নিয়োগকারী কর্তৃপক্ষের অধস্তন কর্তৃপক্ষ কর্তৃক বরখাস্ত, অপসারণ বা পদাবনতির বিষয়ে বিধিনিষেধ রয়েছে এবং নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া এমন ব্যবস্থা নেওয়ার আগে কারণ দর্শানোর যুক্তিসংগত সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রশাসনিক ক্ষমতা থাকলেই ইচ্ছামতো একজন সরকারি কর্মচারীর চাকরিজীবন ধ্বংস করার অধিকার সৃষ্টি হয় না। তবে এই সাংবিধানিক বিধানের প্রয়োগ নির্দিষ্টভাবে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে; বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, চাকরিবিধি, চুক্তি এবং প্রযোজ্য শ্রম আইনের বিধান বিবেচনা করতে হবে। আইন ও বিধি মানুষের অধিকার রক্ষার জন্য, ক্ষমতাবানদের ইচ্ছার বৈধতা দেওয়ার জন্য নয়।
রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি প্রশাসনকে কোথায় নিয়ে যাচ্ছে? বাংলাদেশের প্রশাসনে রাজনৈতিক বিবেচনায় পদায়ন, পদোন্নতি, বদলি এবং কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করার সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও সমালোচনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রের বরাতে ২০০১ সালে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল; ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ সংখ্যা ছিল শতাধিক । অন্তর্বর্তী সরকারের সময়ও শতাধিক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর কিংবা ওএসডি করা হয়েছিল বলে বিভিন্ন তথ্যে জানা যায়। এবছর আমাদের বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসেও বদলি, বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ ও ওএসডি-সংক্রান্ত পুরোনো প্রবণতা অব্যাহত থাকার তথ্যও এসেছে। এই পরিসংখ্যান কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে একক অভিযোগ নয়; বরং ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রশাসনিক প্রতিশোধের পুনরাবৃত্তি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। দলীয় আনুগত্যের চেয়ে যোগ্যতা, দক্ষতা ও সততাকে অগ্রাধিকার না দিলে প্রশাসন কখনোই প্রকৃত অর্থে জনবান্ধব হতে পারে না।
কর্মচারী শুধু একটি পদবি নন, তিনি একটি পরিবারের আশ্রয় : একজন চাকরিজীবীর পরিচয় শুধু তার পদবি, অফিসের কক্ষ কিংবা মাসিক বেতন দিয়ে সীমাবদ্ধ নয়। তার পেছনে রয়েছে একটি পরিবার, সন্তানের ভবিষ্যৎ, বৃদ্ধ মা-বাবার চিকিৎসা, জীবনসঙ্গীর স্বপ্ন এবং অসংখ্য দায়বদ্ধতা। কর্মস্থলে কোনো কর্মকর্তা প্রতিহিংসার শিকার হলে তার প্রভাব শুধু তার নিজের ওপর পড়ে না; পরিবারের প্রতিটি সদস্যের জীবনেও তার প্রতিধ্বনি শোনা যায়। সন্তানেরা স্কুলে সহপাঠীর প্রশ্নের মুখে পড়ে, জীবনসঙ্গী আত্মীয়স্বজনের কাছে বিব্রত হন, বৃদ্ধ মা-বাবা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রাত কাটান। দীর্ঘদিনের কর্মজীবনে অর্জিত সুনাম মুহূর্তের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে বরখাস্ত বা অপমানিত করা হলে তার আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ও সামাজিক ক্ষতিও তৈরি হয়। তাই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির মানবিক অবস্থানটিও বিবেচনা করা উচিত। কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়ার অর্থ মানুষের জীবিকা, সম্মান ও ভবিষ্যৎ নিয়ে খেলার লাইসেন্স পাওয়া নয়; বরং আরও বেশি দায়িত্বশীল হওয়ার সুযোগ পাওয়া।
ক্ষমতার চেয়ার স্থায়ী নয়, কিন্তু অপমানের স্মৃতি দীর্ঘস্থায়ী :
ক্ষমতা মানুষকে অনেক সময় বাস্তবতা ভুলিয়ে দেয়। যে ব্যক্তি আজ একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে বসে অন্যকে অবজ্ঞা করছেন, কাল তিনিই হয়তো সেই পদে থাকবেন না। আজ যিনি অন্যের চাকরিজীবন অনিশ্চিত করে তুলছেন, কাল তার নিজের কর্মজীবনও অন্য কারও সিদ্ধান্তের ওপর নির্ভর করতে পারে। ইতিহাসে ক্ষমতার আসনে বসা অসংখ্য মানুষের উত্থান-পতনের গল্প রয়েছে। ক্ষমতা কখনো স্থায়ী হয়নি, কিন্তু ক্ষমতার অপব্যবহারের স্মৃতি মানুষের মনে দীর্ঘদিন থেকে গেছে। বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো নির্দোষ ব্যক্তিকে অপমান করা হলে সেই ক্ষত শুধু ব্যক্তির মনে নয়, প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশেও ছড়িয়ে পড়ে। সহকর্মীরা নিরাপত্তাহীনতায় ভোগেন, নতুন চিন্তা ও সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়, যোগ্য কর্মীরা নীরব হয়ে যান। একটি প্রতিষ্ঠানের প্রধান যদি ভয়ের সংস্কৃতি তৈরি করেন, সেখানে কর্মদক্ষতার পরিবর্তে তোষামোদ, সততার পরিবর্তে আনুগত্য এবং যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক গুরুত্ব পেতে শুরু করে। ফলে প্রতিষ্ঠানও তার প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হয়।
ধর্ম ও দর্শনের শিক্ষা: অন্যকে অপমান করা নিজের মর্যাদাকেই ছোট করা : মানুষের মর্যাদা রক্ষার শিক্ষা ধর্ম, দর্শন ও সাহিত্য—সবখানেই গুরুত্ব পেয়েছে। পবিত্র আল- কোরআনের সুরা হুজুরাতের ১১ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে; হতে পারে যাদের উপহাস করা হচ্ছে, তারাই উপহাসকারীদের চেয়ে উত্তম। কাউকে দোষারোপ করা কিংবা মন্দ নামে ডাকার বিরুদ্ধেও সেখানে সতর্ক করা হয়েছে। একই সুরার ১২ নম্বর আয়াতে কুধারণা, গোপন অনুসন্ধান ও পরনিন্দা থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষায়ও অহংকার ও মানুষকে তুচ্ছজ্ঞান করার নিন্দা রয়েছে। সহিহ মুসলিমের বর্ণনায় অহংকারের ব্যাখ্যায় সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করার কথা এসেছে। অর্থাৎ ধর্মীয় পরিচয়, নিয়মিত ইবাদত কিংবা বাহ্যিক ধার্মিকতার পাশাপাশি মানুষের সঙ্গে আচরণও নৈতিকতার গুরুত্বপূর্ণ মাপকাঠি। কাউকে অপমান করে, তার অধিকার নষ্ট করে কিংবা তার প্রতি জুলুম করে প্রকৃত মানবিক বা ধর্মীয় শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় না। মানুষের সম্মান রক্ষা করা শুধু সামাজিক সৌজন্য নয়; এটি নৈতিক ও ধর্মীয় দায়িত্বও।
রবীন্দ্রনাথ ও নজরুলের মানবিক দর্শন : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘গীতাঞ্জলি’র ১০৮ নম্বর কবিতায় লিখেছেন, ‘হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, / অপমানে হতে হবে তাহাদের সবার সমান।’ একই কবিতার আরেকটি অসাধারণ পঙ্ক্তি, ‘যারে তুমি নীচে ফেল সে তোমারে আনিতেছে নীচে।’ এই কথার মধ্যে লুকিয়ে আছে মানুষের মর্যাদা ও সামাজিক সাম্যের এক গভীর সত্য। অন্যকে নিচে নামানোর চেষ্টা করতে গিয়ে মানুষ নিজের নৈতিক উচ্চতাও হারায়। আবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর ‘মানুষ’ কবিতায় উচ্চারণ করেছেন, ‘গাহি সাম্যের গান— / মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।’ এই দুটি সাহিত্যিক উচ্চারণ আমাদের মনে করিয়ে দেয়, মানুষের শ্রেষ্ঠত্ব কোনো পদ, ক্ষমতা, সম্পদ কিংবা রাজনৈতিক পরিচয়ে নয়; মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্ব তার মানবিকতায়। একজন পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি—সবারই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। পদমর্যাদা দায়িত্বের পার্থক্য তৈরি করতে পারে, কিন্তু মানুষের মৌলিক মর্যাদায় শ্রেণিবিভাগ তৈরি করতে পারে না।
অপমানের সংস্কৃতি বদলাতে পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের দায়িত্ব : মানুষকে সম্মান করার শিক্ষা পরিবার থেকেই শুরু হওয়া প্রয়োজন। শিশুকে শুধু ভালো ফলাফল, ভালো চাকরি কিংবা বড় পদে যাওয়ার স্বপ্ন দেখালে চলবে না; তাকে শেখাতে হবে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে, ভুল করলে ক্ষমা চাইতে, উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকতে এবং দুর্বল মানুষের পাশে দাঁড়াতে। শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিক শিক্ষা যেন পাঠ্যবইয়ের কয়েকটি বাক্যে সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের পারস্পরিক আচরণে প্রতিফলিত হয়। কর্মক্ষেত্রে অভিযোগ নিষ্পত্তির স্বাধীন ও নিরপেক্ষ ব্যবস্থা, হয়রানির বিরুদ্ধে কার্যকর প্রতিকার, স্বচ্ছ তদন্ত এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা জরুরি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দিতে হবে। কোনো কর্মকর্তা যেন ব্যক্তিগত সম্পর্কের কারণে অন্যের অধিকার ক্ষুণ্ন করতে না পারেন, সে জন্য প্রাতিষ্ঠানিক জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক দলগুলোকেও নিজেদের কর্মী-সমর্থকদের মধ্যে সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং প্রতিহিংসামুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে যে গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলা হয়, ক্ষমতায় যাওয়ার পর তার বাস্তব প্রয়োগই হওয়া উচিত রাজনৈতিক সততার প্রকৃত পরীক্ষা।
মানুষকে ছোট করে নয়, সম্মান দিয়ে বড় হোক সমাজ : তবে মানবিক হওয়ার অর্থ অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা নয়। দুর্নীতি, অনিয়ম, অসততা কিংবা দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। অপরাধের বিচার করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রয়োজন হলে আইন অনুযায়ী শাস্তিও দিতে হবে। কিন্তু সমালোচনা আর অপমান, শাস্তি আর প্রতিহিংসা, প্রশাসনিক শৃঙ্খলা আর ক্ষমতার দম্ভ এই বিষয়গুলোর মধ্যকার পার্থক্য ভুলে গেলে চলবে না। একজন মানুষের কাজের সমালোচনা করা যায়, কিন্তু তার মানবিক মর্যাদা কেড়ে নেওয়া যায় না। একজন কর্মচারীকে বিধি অনুযায়ী শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তার পরিবারকে সামাজিকভাবে অপমানিত করার অধিকার কারও নেই। একজন রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কঠোর রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু তার নাগরিক অধিকার অস্বীকার করা যায় না। মনে রাখতে হবে, ক্ষমতার আসন একদিন ছেড়ে দিতে হয়, পদবি একদিন হারিয়ে যায়, সম্পদ একদিন অন্যের হাতে চলে যায়; কিন্তু মানুষের সঙ্গে করা আচরণের স্মৃতি অনেক দিন বেঁচে থাকে। যে সমাজ অন্যের ব্যর্থতায় হাসে, সাফল্যে ঈর্ষান্বিত হয়, ক্ষমতা পেলে প্রতিশোধ নেয় এবং দুর্বলকে অপমান করে, সে সমাজ কখনো সত্যিকারের সভ্য হতে পারে না। আমাদের সন্তানদের জন্য এমন একটি সমাজ রেখে যেতে হবে, যেখানে মানুষ তার রাজনৈতিক পরিচয়, পেশা, সম্পদ কিংবা সামাজিক অবস্থানের কারণে নয়, মানুষ হওয়ার কারণেই সম্মান পাবে। কারণ মানুষকে অপমান করে সাময়িক বিজয় অর্জন করা সম্ভব, কিন্তু তাতে মহত্ত্ব অর্জন করা যায় না। অন্যের চোখে জল এনে নয়, অন্যের মুখে হাসি ফোটাতে পারার মধ্যেই মানবিকতার সার্থকতা। শেষ পর্যন্ত প্রশ্নটি খুব সরল—আমরা কি ক্ষমতাবান মানুষ হতে চাই, নাকি সত্যিকারের মানুষ হতে চাই? মনে রাখা দরকার, অন্যকে সম্মান দিতে জানাটাই নিজের সম্মান পাওয়ার সবচেয়ে বড় যোগ্যতা।
লেখক: জুবাইয়া বিন্তে কবির
অর্থনীতিবিদ, গবেষক, সাংবাদিক ও কলামিস্ট

