প্রবাসীদের মৃত্যুর পর মরদেহ বিনা শর্তে সরকারি খরচে দেশে পাঠানো এবং প্রণোদনার পরিবর্তে পেনশন সুবিধা চালুর আহ্বান জানিয়েছে ইতালির মিলান প্রবাসী তরুণ ঐক্য কমিটি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের তরুণ প্রজন্মের উদ্যোগে গঠিত সংগঠনটির অভিষেক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ইতালির মিলানে। সম্প্রতি মিলানের ভিয়া পাদোভায় অবস্থিত আল মদিনা রেস্টুরেন্টে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ উজ্জ্বল প্রবাসীদের মরদেহ বিনা শর্তে সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক আলামিন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ কালু প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ফয়সাল তালুকদার ও আরিফ খালাশি।
এ সময় বক্তব্য দেন সংগঠনের নেতা কাওছার বেপারী, মেহেদী তালুকদার, আলামিন মাতুব্বর, কালাম বেপারী, রানা খান, সোহেল হাওলাদার, জহির হাওলাদার, রাফসান আহম্মেদ, অপু, রেজাউল সাইব, ফেরদাউছ হাওলাদার, জয় মাতুব্বর, রমিজ মাতুব্বর, আবু সাইদ, নাসির মোল্লা, সুমন মোল্লা, আমির হাওলাদার, আরিফ মাতুব্বর, টিপু তালুকদার ও রাজিব তালুকদারসহ অনেকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন মিলানের কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম মামুন, রাজু খান, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, সাংবাদিক সাইফুল ইসলাম, আমিনুল মোল্লা, ইমরান হোসেন ও মোকলেসুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি ও সংগঠনের সদস্যরা একসঙ্গে কেক কেটে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা ও অগ্রযাত্রার শুভ সূচনা করেন। পরে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
রিপোর্ট: রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি।

