তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল পৌনে তিনটায় সম্মেলনস্থলে দুই নেতার মধ্যে এ বৈঠক শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলে আলোচনা।

বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।

তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের পর্যটন নগরী আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এবারের আয়োজন। এতে বিশ্বের ১৯৭টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
তুরস্কের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশটির পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। অন্যদিকে, আলোচনা পর্বের সভাপতিত্ব করছেন অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন।
সম্মেলনের গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হচ্ছে ১১ ও ১২ নভেম্বর। এতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তিনি। এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

