শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। শমিত সোমের গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেছেন অধিনায়ক হামজা চৌধুরী। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। হামজা চৌধুরীর বাড়ানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে বিপাকে পড়েন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তাঁর ক্লিয়ারেন্স ঠিকমতো না হওয়ায় বল চলে যায় শমিত সোমের কাছে। প্রথম প্রচেষ্টা আটকে গেলেও ফিরতি বলে দ্বিতীয়বারের চেষ্টায় জাল খুঁজে নেন শমিত।
গোলের পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ২৬ মিনিটে রাকিবের বাড়ানো বল থেকে ব্যাকহিল শটে গোলের চেষ্টা করেছিলেন হামজা। তবে শ্রীলঙ্কার গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।
এরপর কয়েকটি আক্রমণ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। অবশেষে ৪৩ মিনিটে আসে দ্বিতীয় গোল। বক্সের বাইরে ইব্রাহিমের পাস পেয়ে বল নিয়ে এগিয়ে যান হামজা। শ্রীলঙ্কার এক ডিফেন্ডারকে পেছনে ফেলে তাঁর নেওয়া শট গোলরক্ষক সুজন পেরেরার শরীরে লেগে জালে জড়ায়।
অধিনায়ক হিসেবে প্রথমবার মাঠে নেমেই গোল পেলেন হামজা। বাংলাদেশের হয়ে এটি তাঁর পঞ্চম গোল। উল্লেখযোগ্য বিষয়, জাতীয় দলের হয়ে তাঁর পাঁচটি গোলই এসেছে জাতীয় স্টেডিয়ামে।
প্রথমার্ধে আক্রমণ ও বল দখলে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। এই সময়ে ১০টি শট নিয়েছে বাংলাদেশ, যার তিনটি ছিল লক্ষ্যে। এর মধ্যে দুটি থেকেই এসেছে গোল। অন্যদিকে শ্রীলঙ্কার তিনটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।
দুই গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নামবে বাংলাদেশ।

