
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এবং পোস্টাল ভোট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজবোধ্য করে তুলে ধরতে ক্যাম্পেইন পরিচালনা করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া।
রবিবার মালয়েশিয়ার কাপার এলাকায় এনসিপি মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চালান। কর্মসূচির অংশ হিসেবে প্রবাসীদের মাঝে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার নির্দেশিকা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়।

ক্যাম্পেইনে সরাসরি রেজিস্ট্রেশন সহায়তা প্রদান করা হয়, যেখানে বহু প্রবাসী প্রথমবারের মতো অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বলেন, “প্রবাসীদের অধিকার রক্ষা করা মানে বাংলাদেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা। প্রবাসীদের অংশগ্রহণই আগামী পরিবর্তনের মূল চালিকা শক্তি।” যুগ্ম-সংগঠক মোঃ ফয়সাল গাজী গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।



