মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাটে ভিন্নধর্মী ও সরব উপস্থিতির মাধ্যমে দিনটি উদযাপন করেছে জেলা বিএনপি। উভয় কর্মসূচিতেই মূল নেতৃত্বে ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা সমন্বয়ক এম এ সালাম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিনের শুরুতেই এম এ সালাম বাগেরহাট থানা মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। এ সময় দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন। দলীয় কার্যালয়ের ব্যানারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির নিচে দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
কার্যালয়ে পতাকা উত্তোলন শেষে এম এ সালাম নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে গমন করেন। সেখানে তিনি জেলা বিএনপির পক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এম এ সালাম বলেন, “শহীদদের রক্তে ভেজা এই স্বাধীনতা আমাদের অহংকার। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আজকের দিনে আমাদের প্রধান অঙ্গীকার।”
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সদস্য ওয়াহিদুজ্জামান পল্টু এবং খান মনিরুজ্জামান মনিরসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। দিনভর বাগেরহাট বিএনপির কর্মসূচিতে এম এ সালামের এই সক্রিয় নেতৃত্ব নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।



