
রাজধানীর কড়াইল জামাইবাজার এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় ঢাকা ওয়াসার নতুন একটি গভীর নলকূপের সফল উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম। তাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনা ও দক্ষ নেতৃত্বে ঢাকা ওয়াসা নগরবাসীর দোরগোড়ায় সুপেয় পানি পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। নবস্থাপিত এই নলকূপ থেকে প্রতি মিনিটে ২ হাজার ৪০০ লিটার পানি উত্তোলিত হবে, যা স্থানীয় এলাকার পানির সংকট দূরীকরণে এক বড় মাইলফলক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ঢাকা ওয়াসা রাজধানীজুড়ে নিরবচ্ছিন্ন ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কড়াইলের মতো জনবহুল এলাকায় এই গভীর নলকূপ স্থাপন স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নত করবে। পর্যায়ক্রমে সব এলাকায় পানির সমস্যা সমাধানে ওয়াসা কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-১) মো. ফিরোজ আলম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-২) মো. শাহ আলমসহ ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



