
লিওনেল মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে উঠলো আর্জেন্টিনা। দ্বিতীয় হাইড্রেশন বিরতির পর খেলা শুরু হতেই সেট পিস থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে যায় আলবিসেলেস্তেরা। কর্নার কিক নিতে এগিয়ে আসেন মেসি। তাঁর নেওয়া নিখুঁত কর্নার থেকে নিকোলাস গনজালেস জোরালো হেড করেন। তবে অস্ট্রিয়ার জন্য স্বস্তির খবর, বলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পোস্টের সামান্য পাশ দিয়ে বাইরে চলে যায়। এই সুযোগ কাজে লাগাতে পারলে আর্জেন্টিনা ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নিতে পারতো। তবে ম্যাচ শেষে স্কোরলাইন, সেই ২-০। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় অস্ট্রিয়াকে।
৯৫ মিনিট। যোগ করা সময়ের খেলা চলছে। সে সময় অস্ট্রিয়ার বক্সের ভেতরে ছোটখাটো একটা ঝড় বয়ে যায়। সেই ঝড়ে শেষ পর্যন্ত মেসির মুখেই ফোটে শেষ হাসি। প্রথমে আলভারেজের শট অস্ট্রিয়ার ডিফেন্ডারের গায়ে লাগে। ফিরতি বলটা পেলেন মেসি। এক ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর শট ঠেকান আরেক ডিফেন্ডার। আবারও ফিরতি বলে মেসির শট এবং গোল। এ নিয়ে বিশ্বকাপে ১৮ গোল করলেন তিনি।
সোমবার ডালাসে বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে প্রথম গোল করে ইতিহাস গড়েন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এই গোলের মাধ্যমে ভেঙে যায় জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজের দীর্ঘদিনের বিশ্বরেকর্ড। ম্যাচের প্রথমার্ধে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে জড়ান মেসি। এই গোলের ফলে বিশ্বকাপে তাঁর মোট গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭। এর ফলে তিনি ক্লোজকে (১৬ গোল) পিছনে ফেলে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতার আসনে এককভাবে উঠে যান।
মিরোস্লাভ ক্লোজ চারটি বিশ্বকাপ খেলেছেন এবং ১৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের দখলে রেখেছিলেন। তবে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোল করে সেই রেকর্ড ভেঙে দেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা মেসি আবারও প্রমাণ করলেন, বড় মঞ্চে তাঁর জাদু এখনও অটুট। বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও উজ্জ্বল করে তুললেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
৩৯ মিনিটে প্রথম গোলের দেখা পান লিওনেল মেসি। দ্রুত পাল্টা আক্রমণে থিয়াগো আলমাদা বল নিয়ে অস্ট্রিয়ার অর্ধে ঢুকে পড়েন। এরপর বাঁ দিক দিয়ে এগিয়ে আসা ফাকুন্দো মেদিনার কাছে বল বাড়িয়ে দেন তিনি। মেদিনা নিখুঁত ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝখানে, আর এতোক্ষণ ভাগ্য ও গোলরক্ষকের বাধায় আটকে থাকা মেসি এবার ভুল করেননি। দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে ডালাস স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক। পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
এর আগে, ৭ মিনিটে গোল করার সুবর্ণ সুযোগ পান লিওনেল মেসি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি শটটি লক্ষ্যে রাখতে পারেননি। বল পোস্টের বাইরে চলে যায়। ডালাস স্টেডিয়ামে তৈরি হয় নাটকীয় মুহূর্ত। আর বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায়। পেনাল্টি থেকে গোল পেলে তারা দ্রুত এগিয়ে যেতে পারতো। কিন্তু মেসির এই বিরল ভুল অস্ট্রিয়াকে ম্যাচে টিকে থাকার বড় সুযোগ এনে দিয়েছিল, যা পরে তারা কাজে লাগাতে পারেনি।
আজকালের খবর/কবির



