সৌদি আরবে দীর্ঘদিন ধরে অবস্থানরত অনেক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি উঠেছে। বিশেষ করে হাতে লেখা পাসপোর্টধারী, দীর্ঘদিন ধরে অনিয়মিত অবস্থায় থাকা প্রবাসী বাংলাদেশি এবং তাদের পরিবারের সদস্যদের মানবিক ও আইনগত সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
জানা যায়, বহু বাংলাদেশি নাগরিক অনেক বছর আগে হাতে লেখা পাসপোর্টের মাধ্যমে সৌদি আরবে এসে বৈধভাবে আকামা (কাজের অনুমতিপত্র) গ্রহণ করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন কারণে অনিয়মিত হয়ে পড়া এবং সময়মতো মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) গ্রহণ না করায় তাঁরা বর্তমানে বড় ধরনের আইনি জটিলতার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ই-পাসপোর্ট চালু হওয়ার পর এই সংকট আরও ঘনীভূত হয়েছে।
এমন অনেক পরিবার রয়েছে, যেখানে মা-বাবার বৈধ কাগজপত্র থাকলেও সন্তানদের জন্মের পর দীর্ঘ সময় কোনো পাসপোর্টের আবেদন করা হয়নি। এখন তাঁরা পাসপোর্টের আবেদন করতে গিয়ে বিভিন্ন প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতায় পড়ছেন, যার ফলে প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়েও অনেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
অন্যদিকে, সৌদি আরবে এমন কিছু নাগরিকের তথ্যও সামনে এসেছে, যাদের বাংলাদেশি পাসপোর্ট থাকা সত্ত্বেও বিশেষ বাস্তবতায় মিয়ানমারের নাগরিক পরিচয়ে আকামা নিয়েছেন। আবার অনেকের কাছে মিয়ানমারের পরিচয়ে ইস্যুকৃত নথি থাকলেও তারা মূলত প্রকৃত বাংলাদেশি নাগরিক এবং তাদের পক্ষে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পারিবারিক রেকর্ড কিংবা শিক্ষা সনদসহ সব ধরনের বৈধ প্রমাণপত্র রয়েছে।
এ প্রেক্ষাপটে প্রবাসীদের দাবি, যথাযথ তথ্যের ভিত্তিতে যারা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে দাবি করছেন, তাদের বিষয়টি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলোর মাধ্যমে খতিয়ে দেখে প্রকৃত নাগরিকদের শনাক্ত করা হোক। তদন্তে বাংলাদেশি নাগরিক প্রমাণিত হলে তাদের দ্রুত পাসপোর্ট ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সংশ্লিষ্টদের মতে, এমন উদ্যোগ নেওয়া হলে একদিকে যেমন প্রকৃত বাংলাদেশি নাগরিকরা তাদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক অধিকার ফিরে পাবেন, অন্যদিকে পরিচয় জালিয়াতি বা অনিয়মের সুযোগও বন্ধ হবে। মানবিক ও জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ সরকার ও সৌদি আরবে নিযুক্ত দূতাবাস দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগী প্রবাসীরা।

