শাহেদ সরওয়ার, আবুধাবি: নিজের ব্যক্তিগত গাড়ি চালকের বিরুদ্ধে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি ওসমান গনি আলমগীর। একই সঙ্গে অভিযুক্ত চালককে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা ওসমান গনি আলমগীর বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশে অবস্থানকালে ঈদের পরদিন তিনি পারিবারিক গাড়িতে করে ফটিকছড়ির বাড়ি থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তাঁর সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মূল্যবান নথিপত্র নিয়ে চালক মোহাম্মদ মাসুদ কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মাসুদ ও তার পরিবারের কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসমান গনি আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দেশে এসে অনেক সময় এমন চরম নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয়। তিনি প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও ঘোষণা দেন, অভিযুক্ত মোহাম্মদ মাসুদের সঠিক সন্ধান দিতে পারলে বা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে কার্যকর তথ্য প্রদানকারীকে ব্যক্তিগতভাবে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মোহাম্মদ মাসুদের বাবার নাম আলী আহাম্মদ এবং মায়ের নাম সাজু বেগম। তার বর্তমান ঠিকানা দক্ষিণ খুলশীর হাসান টাওয়ার (পোর্ট সিটি ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা) এবং স্থায়ী ঠিকানা ফটিকছড়ি উপজেলার লেলাং (ডাকঘর: সন্ন্যাসীর হাট)। অভিযুক্ত মাসুদের বিষয়ে কোনো তথ্য থাকলে এই নম্বরগুলোতে (০১৮১৭-৭৭৬৮৭৪, ০১৮৮৮-২৩৪২০৮, ০১৮২২-৭৩২৭১৫) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসমান গনি আলমগীর।

