নিউ ইয়র্কের কুইন্সে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে দীর্ঘদিনের বিরোধের জেরে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সুলতানা রাজিয়া (৪০) নামে এক বাংলাদেশি নারী ও তাঁর এক সহযোগীকে দোষী সাব্যস্ত করেছে ফেডারেল জুরি।
প্রসিকিউটরদের অভিযোগ, ২০২৩ সালের ২৭ মার্চ জ্যামাইকায় খাবার কিনে বাড়ি ফেরার পথে মোবারক দেওয়ান নামে ওই ব্যক্তিকে অপহরণ করা হয়। এই অপহরণের নেতৃত্ব দেন স্থানীয় এক সুপারমার্কেট মালিক আবু চৌধুরী, যার বিরুদ্ধে প্রতিশোধমূলক অপহরণচক্র পরিচালনার অভিযোগ রয়েছে।
আদালতের নথি ও সাক্ষ্য অনুযায়ী, সুলতানা রাজিয়া সরাসরি অপহরণে অংশ না নিলেও, সহ-আসামি সৈয়দ রুবেল আহমেদের সঙ্গে মিলে অপহৃত দেওয়ানকে নির্যাতনে অংশ নেন। অপহরণকারীরা দেওয়ানকে কুইন্সের বিভিন্ন স্থানে ঘুরিয়ে মারধর করে, জোরপূর্বক মাদক প্রয়োগ করে এবং একপর্যায়ে বিবস্ত্র করে নগ্ন অবস্থায় রাস্তায় দাঁড় করিয়ে রাখে।
প্রসিকিউটররা আদালতে জানান, রাজিয়া অপহৃত দেওয়ানকে ঘুষি মারেন এবং নারিকেলের ঝাড়ু দিয়ে আঘাত করেন। শুধু তাই নয়, নির্যাতনের নগ্ন ভিডিও টিকটকে পোস্ট করে ক্যাপশনে লিখেন ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস’। ২৬ জুন বিচার শেষে প্রায় একদিনের আলোচনার পর জুরি রাজিয়া ও সৈয়দ রুবেল আহমেদকে অপহরণের অভিযোগে দোষী সাব্যস্ত করে।
রায়ের পর প্রসিকিউটররা দুই আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আবেদন জানালেও বিচারক নিনা মরিসন সিদ্ধান্ত স্থগিত রেখে আগামী ২৩ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। ততদিন পর্যন্ত রাজিয়া ৫০ হাজার ডলার এবং আহমেদ ১ লাখ ডলার বন্ডে মুক্ত থাকবেন।
আদালতে উল্লেখ করা হয়, ভুক্তভোগী মোবারক দেওয়ান একসময় রাজিয়া ও তার পরিবারের বিরুদ্ধে ৩০ হাজার ডলারের বেশি অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। প্রসিকিউটর জন ভ্যাগেলাটোস জুরিদের জানান, অপহরণের তিন দিন পর এক ফোনালাপে রাজিয়া গর্ব করে বলেছিলেন, ‘আমরা তাকে মারধর করেছি এবং প্রতিশোধ নিয়েছি।’
তবে রাজিয়ার আইনজীবী সারা স্যাকস দাবি করেন, দেওয়ান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজিয়াকে হয়রানি, ধর্ষণের হুমকি এবং মানহানিকর পোস্ট করে আসছিলেন। তাঁর দাবি, রাজিয়া এই অপহরণের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না।
উল্লেখ্য, এই মামলাটি মূল অভিযুক্ত আবু চৌধুরীর কথিত প্রতিশোধমূলক অপহরণচক্র নিয়ে চলমান তিনটি ফেডারেল বিচারের দ্বিতীয়টি। এর আগে তার স্ত্রী ইফফাত লুবনা একই ধরনের আরেকটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। মূল হোতা আবু চৌধুরীর বিচার আগামী সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে।

