
নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে আপন জেঠাতো ভাই শাহাদাত হোসেন (২৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে নোয়াখালীর বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদেশে আদালত আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে কার্যকরের নির্দেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি শাহাদাত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশু আসমা। ঘটনার নয় দিন পর ২ এপ্রিল বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জেঠাতো ভাই শাহাদাতকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শাহাদাত জানান, আসমাকে ধর্ষণের পর ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন।
এ ঘটনায় ২০২২ সালের ৬ এপ্রিল নিহত শিশুর বাবা মো. শাহজাহান বাদী হয়ে চাটখিল থানায় শাহাদাতকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ চার বছর বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করেন।

