ইতোমধ্যেই রাজধানীবাসি বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায়ও অতিভারী বৃষ্টি হবে। রাজধানীতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টি হলেই অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ সবার দৈনন্দিন জীবন ব্যাহত হয়।
বৃষ্টির কারণে অনেক জায়গায় নষ্ট হয় যানবাহন, কোথাও আবার জলাবদ্ধতার কারণে বন্ধ হয় দোকানপাট। এমন পরিস্থিতিতে বৃষ্টি থামার অপেক্ষা করার চেয়ে আগাম প্রস্তুতি নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে তাতে অন্তত ভোগান্তি কিছুটা কমবে। কীভাবে বৃষ্টির সময় আগাম প্রস্তুতি নেবেন, চলুন জেনে নিই-
নিয়মিত আবহাওয়ার খবর দেখুন
ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। অতিভারী বৃষ্টির সতর্কতা থাকে, তাহলে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। অফিস বা প্রতিষ্ঠানের সুযোগ থাকলে বাসা থেকে কাজ করার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
যাতায়াতের ক্ষেত্রে রাখুন বিকল্প পরিকল্পনা
বৃষ্টির দিনে রাজধানীর বেশিরভাগ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। তাই একটি নয়, একাধিক রুট সম্পর্কে ধারণা রাখুন। প্রয়োজনে কিছুটা আগে ঘর থেকে বের হোন। এতে সময়ের চাপ কমবে। রাইডশেয়ার বা গণপরিবহনের বিকল্পও আগে থেকেই বিবেচনায় রাখুন।
প্রয়োজনীয় জিনিস রাখুন ওয়াটারপ্রুফ ব্যাগে
মোবাইল ফোন, ল্যাপটপ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, মানিব্যাগ ও চার্জার ওয়াটারপ্রুফ ব্যাগ বা প্লাস্টিক কভারে। এতে হঠাৎ বৃষ্টিতে মূল্যবান জিনিস নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।
সঙ্গে রাখুন জরুরি সামগ্রী
বৃষ্টিতে ঘরের বাইরে বের হলে ব্যাগে রাখুন ছাতা বা রেইনকোট, ছোট তোয়ালে বা টিস্যু, পানির বোতল, প্রয়োজনীয় ওষুধ এবং পাওয়ার ব্যাংক। বিশেষ করে দীর্ঘ সময় যানজটে আটকে পড়লে এসব জিনিস কাজে আসবে।
গাড়িচালকদের জন্য চাই বাড়তি সতর্কতা
ভারী বৃষ্টিতে পানিতে ডুবে থাকা সড়কে দ্রুতগতিতে গাড়ি চালানো বেশ ঝুঁকিপূর্ণ। গাড়ির ব্রেক, ওয়াইপার, হেডলাইট ও টায়ারের অবস্থা আগে থেকেই পরীক্ষা করে নিন। কোথাও পানি জমে থাকলে গভীরতা নিশ্চিত না হয়ে গাড়ি চালানো ঠিক নয়।
বাসাবাড়িতেও চাই আগাম প্রস্তুতি
অতিভারী বৃষ্টি টানা কয়েকদিন চললে নিচতলা ফ্লোরে পানি ঢুকে পড়তে পারে। তাই নিচতলায় বসবাসকারীরা গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জিনিসপত্র উঁচু স্থানে রাখুন। ড্রেনেজ লাইন পরিষ্কার আছে কি না, তা দেখে নিন। বারান্দার পানি নিষ্কাশনের পথও পরিষ্কার রাখুন।
বিদ্যুৎ ও বৈদ্যুতিক নিরাপত্তা জরুরি
পানিতে বৈদ্যুতিক সংযোগ সবচেয়ে বড় ঝুঁকির কারণ হতে পারে। ঘরে পানি ঢুকলে অপ্রয়োজনে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করাই ভালো। প্রয়োজন হলে মূল সুইচ বন্ধ করে দিন। ভেজা হাতে কোনো বৈদ্যুতিক সুইচ স্পর্শ করবেন না।
স্বাস্থ্যের দিকেও নজর দিন
জলাবদ্ধ পানিতে হাঁটার কারণে পায়ের বিভিন্ন সংক্রমণ, ডায়রিয়া, জ্বর কিংবা ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। বাইরে থেকে ফিরে সাবান দিয়ে হাত-পা ধুয়ে ফেলুন। ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করুন। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকুন।
অতিভারী বৃষ্টি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে ব্যক্তিগত প্রস্তুতি, সচেতনতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত অনেক দুর্ভোগ কমিয়ে দিতে পারে। তাই নিজেকে প্রস্তুত রাখুন।

