
কোকা-কোলা বাংলাদেশ তাদের ফ্রন্ট লাইন মার্কেটিং বিভাগের পরিচালক (ডিরেক্টর–ফ্রন্ট লাইন মার্কেটিং) হিসেবে লায়লা ফারজানার নিয়োগের ঘোষণা দিয়েছে। সোমবার (১৩ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
লায়লা ফারজানার বিপণন, মিডিয়া, ডিজিটাল রূপান্তর, ট্রেড মার্কেটিং এবং ক্যাটাগরি ম্যানেজমেন্ট খাতে ১৬ বছরেরও বেশি সময়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। কোকা-কোলা বাংলাদেশে যোগদানের আগে তিনি ইউনিলিভার বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং, মিডিয়া অ্যান্ড ডি-কমার্স (ডিএমসি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ইউনিলিভারে আট বছরের কর্মজীবনে তিনি মিডিয়া বিনিয়োগ ব্যবস্থাপনা, ক্যাটাগরি ম্যানেজমেন্ট ও কাস্টমার মার্কেটিং করপোরেট সংস্কৃতির বিভিন্ন শীর্ষ পদে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। এর আগে তিনি দেশের দুই শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক এবং সুইসকন্ট্যাক্ট-ক্যাটালিস্টে বিপণন ও ট্রেড-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে লায়লা ফারজানা বলেন, “কোকা-কোলা বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানটির ব্র্যান্ডগুলোর প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি ভোক্তাদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরিতে কাজ করতে চাই। একই সঙ্গে আমাদের টিম, বোতলজাতকরণ অংশীদার, গ্রাহক ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সমন্বয় করে বাজারে প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখতে আমি আগ্রহী।”
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী লায়লা ফারজানাকে স্বাগত জানিয়ে বলেন, “বিপণন ও বাণিজ্যিক কার্যক্রমে তাঁর বহুমুখী অভিজ্ঞতা আমাদের দলকে আরও শক্তিশালী করবে। নতুন দায়িত্বে তাঁর সার্বিক সফলতা কামনা করি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক সম্পন্ন করা লায়লা ফারজানার তথ্যনির্ভর বিপণন কৌশল ও ভোক্তাকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নে উল্লেখযোগ্য ট্র্যাক রেকর্ড রয়েছে।
উল্লেখ্য, কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক দ্য কোকা-কোলা কোম্পানির (টিসিসিসি) একটি সহযোগী প্রতিষ্ঠান। ১৯৬২ সাল থেকে বাংলাদেশে অনুমোদিত বোতলজাতকরণ অংশীদার কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবিএল) এবং আব্দুল মোনেম লিমিটেডের (এএমএল) মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি কোকা-কোলা, স্প্রাইট, ফ্যান্টা, কিনলে ওয়াটারসহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করছে। একটি সামাজিক-অর্থনৈতিক প্রভাব বিষয়ক গবেষণা অনুযায়ী, বাংলাদেশে কোকা-কোলা সিস্টেম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২২ হাজার ১০০ জনের কর্মসংস্থানে অবদান রাখছে।

