
বেসরকারি খাতের প্রাইম ব্যাংক পিএলসি এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ’র মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংক কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করবে। সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো—তরুণ থেকে প্রাপ্তবয়স্ক সব গ্রাহকের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা এবং এর মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ গড়ে তোলা। চুক্তির অধীনে প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ ও কর্মক্ষেত্রে কার্যকর সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। পাশাপাশি ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্যান্য গ্রাহকরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত সেবাসমূহে বিশেষ অফার উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রধান শায়লা আবেদিন। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে উপস্থিত ছিলেন ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, হেড অব মার্কেট (বাংলাদেশ) জুনায়েদ আহমেদ, ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন) শেহরিন শিবলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগই সবচেয়ে অর্থবহ বিনিয়োগ। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের কর্মীদের আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ দেবে, যা তাদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে আমাদের গ্রাহকদের ব্যাংকিং সেবার বাইরে আরও অর্থবহ সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত।”
ব্রিটিশ কাউন্সিলের হেড অব মার্কেট (বাংলাদেশ) জুনায়েদ আহমেদ বলেন, “গত ৭০ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার প্রসার ও বৈশ্বিক সুযোগের দ্বার উন্মুক্ত করতে কাজ করছে। প্রাইম ব্যাংকের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব যৌথভাবে সক্ষমতা উন্নয়নের পথে অনেক ইতিবাচক উদ্যোগের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি।”
এই সহযোগিতা প্রাইম ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিলের চলমান শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

