কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে দোহা সফর করেছেন বাংলাদেশের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। কাতার সফরকালে গত ১৪ জুলাই লুসাইল প্রাসাদে দেশটির বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাবেক আমিরের প্রয়াণে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান স্পিকার।
সাক্ষাৎকালে সাবেক আমিরের দূরদর্শী নেতৃত্ব, আধুনিক কাতার গঠনে তাঁর অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এই সাক্ষাৎ শোক প্রকাশের পাশাপাশি কাতারের সাথে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতার ধারাবাহিকতা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাৎ পর্ব শেষে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো বিশেষ বার্তা কাতারের আমিরের কাছে পৌঁছে দেওয়া হয়। বার্তায় কাতারের আমিরের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে কাতারের দেওয়া মানবিক সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

