যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান’ (বাম)-এর উদ্যোগে আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম সাংস্কৃতিক উৎসব। ওয়ারেন শহরের ঐতিহ্যবাহী সিটি হল স্কয়ারে দুই দিনব্যাপী এই বর্ণিল উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) ওয়ারেন শহরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন কবির এবং সাংস্কৃতিক সম্পাদক শারমিন তানিম।
এবারের ১৭তম আসরের সাংস্কৃতিক মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত বাংলা র্যাপার মোজা, রেশমি মির্জা এবং বাউল কালা মিয়াসহ দেশ ও প্রবাসের জনপ্রিয় একঝাঁক শিল্পী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই উৎসবের মূল লক্ষ্য বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও অবদানকে মূলধারায় উদযাপন ও উপস্থাপন করা। উৎসবে আগত দর্শকদের জন্য সুস্বাদু খাবারের পাশাপাশি নিউইয়র্ক, পেনসিলভেনিয়া ও ইলিনয় অঙ্গরাজ্য থেকে আসা পোশাকের আকর্ষণীয় বুটিকসহ প্রায় ৬০টি ভিন্ন ভিন্ন স্টল থাকবে।
এ ছাড়া আমেরিকার মূলধারার শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে সেক্রেটারি অব স্টেট, লেফটেন্যান্ট গভর্নর এবং সিটির মেয়রসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত থেকে বাংলা সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজন উপভোগ করবেন। দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নিয়োজিত থাকবে ওয়ারেন সিটি পুলিশ প্রশাসন।
সংবাদ সম্মেলনে মিশিগানের স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলা গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবের সমন্বয়ক ও নেতৃবৃন্দ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষের কাছে এই উৎসবের খবর পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা ও ব্যাপক প্রচারের অনুরোধ জানিয়েছেন।

