
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন—এমন আলোচনার মধ্যে এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত বা যেকোনো কারণে চাইলে তাঁর সে অপশন আছে; কিন্তু আমরা তো জানি না।’ আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্য মন্ত্রীদের সঙ্গে ‘কক্সবাজারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা’ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না, এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে।’ রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনের ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ রয়েছে। একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি। আমিও শুনছি।’
রাষ্ট্রপতি কি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন, এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে।’ এক সাংবাদিক প্রশ্নে বলেন, গণমাধ্যমে একটা খবর এসেছে তিনি (রাষ্ট্রপতি) লন্ডনে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন, তখন ভারতে পলাতক শেখ হাসিনার সঙ্গে তিনি ফোনালাপ করেছিলেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না, উনি চিকিৎসার্থে কিছু দিন আগে বিদেশে গিয়েছিলেন। তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে।’
লন্ডনে বসে তিনি (রাষ্ট্রপতি) ভারতে পলাতক শেখ হাসিনার সাথে ফোনালাপ করেছিলেন, আরেক সাংবাদিকের এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা আমি জানি না। আমরা শুনি নাই।’ রাষ্ট্রপতি কি শারীরিক অবস্থার কারণে পদত্যাগের কথা জানিয়েছেন কি না, এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘না, এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা যেকোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছেই। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয় নাই। আমিও এগুলো পত্রিকায় শুনছি (দেখছি)। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে, সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়। এটুকু জানি। এর বাইরে কিছু জানি না।’
পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।’

