
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল থেকে অবসর নিলেন লিওনেল মেসি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক মঞ্চকে বিদায়ের ঘোষণা দিলেন তিনি।
সবশেষ ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের দুই দিন পর জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন মেসি। এর এক মাসের বেশি সময় পর সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার প্রকাশ করেছেন তাঁর সিদ্ধান্ত।
হাতে লেখা নোট পোস্ট করে বিদায় জানিয়ে ৩৯ বছর বয়সী মেসি লিখেছেন, ‘ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পর, আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…।’
তিনি যোগ করেছেন, ‘এই সিদ্ধান্তটি আমার অন্তরে ভীষণ আঘাত করেছে এবং এখনও করছে। কিন্তু আমি বুঝতে পারছি যে, এটাই উপযুক্ত সময়। আমি শপথ করে বলছি, আমি সব সময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি— শুধু গত কয়েক বছরের কথা বলছি না, যখন আমরা সবকিছু জিতেছি। বরং সব সময়ই এই জার্সির জন্য লড়েছি এবং নিজের সর্বোচ্চটা দিয়েছি— ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হিসেবে আপনাদের গর্বিত করতে।’
ক্যারিয়ারের শেষবেলায় থাকা মেসির মতে, আর্জেন্টিনাকে দেওয়ার কিছু বাকি নেই তাঁর, ‘আর খুব বেশি কিছু বাকি নেই, জীবনের একেকটা অধ্যায় শেষ হয়ে আসছে। আর এই অধ্যায়টির সমাপ্তি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। জাতীয় দলের অংশ হওয়াকে আমি ভালোবেসেছি, ভালোবেসেছি এবং সারাজীবন ভালোবেসে যাব। আমি নিজেকে নিংড়ে দিয়েছি, আমার আর দেওয়ার মতো কিছুই নেই। তাছাড়া, অসাধারণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা এখন জাতীয় দলে থাকার যোগ্য।’
কাতারের মাটিতে ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেলা মিস করবেন, ‘বিগত ২০ বছরের সব ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। মাঠের ভেতর থেকে গ্যালারিতে আপনাদের গর্জন ও সমর্থন শোনা খুব মিস করব। এখন থেকে আমি আপনাদেরই একজন হয়ে উঠব, বাইরে থেকেই সব সময় দলকে নিয়ে উল্লাস করব এবং সমর্থন দিয়ে যাব (ভালো সময়ে তো বটেই, দুঃসময়ে আরও অনেক বেশি)।’

