প্রায় সাড়ে পাঁচ মাস পর বৃহস্পতিবার হুইলচেয়ারে করে জাতীয় সংসদে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। চিকিৎসা এখনো শেষ হয়নি জানিয়ে তিনি সংসদে একটি আবেগঘন লিখিত বক্তব্য দেন।
তিনি বলেন, শুধু সহকর্মীদের ভালোবাসার কারণেই চিকিৎসার মাঝপথে সংসদে আসতে হয়েছে তাঁকে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সংসদে পিনপতন নীরবতা বিরাজ করছিল। তিনি নিজের আসনে যেতে পারেননি। সরকারি দলের সংসদ সদস্যদের দুই সারির (চলাচলের পথ) মাঝখানে হুইলচেয়ারে বসে তিনি বক্তব্য দেন। দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান পাশের আসন থেকে তাঁকে বক্তব্য দিতে সহযোগিতা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি ও বিরোধী দলের সদস্যদের আবেগতাড়িত হতে দেখা যায়।
মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পরপরই এক সভায় গুরুতর স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর দীর্ঘ সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছেন। এখনো রিহ্যাবে (পুনর্বাসন চিকিৎসা) রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত হতে পারেননি। তিনি বলেন, চিকিৎসার মাঝপথে প্রথমবারের মতো সংসদে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ কঠিন সময়ে যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন, খোঁজ-খবর নিয়েছেন ও পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
নিজের রাজনৈতিক জীবনের এই দিনকে অত্যন্ত আবেগঘন ও চিরস্মরণীয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ২০০৬ সালের পর দীর্ঘ প্রায় দুই দশক পেরিয়ে আবার জাতীয় সংসদের এই কক্ষে সংসদ সদস্য হিসেবে কথা বলার সুযোগ পেয়েছেন। এর চেয়ে আনন্দ ও গর্বের মুহূর্ত আর কী হতে পারে—এমন প্রশ্নও রাখেন তিনি।

