ডেঙ্গুর বিস্তার রোধে রাজধানীর ২৬ নম্বর ওয়ার্ডের কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিএনপি। কর্মসূচিতে এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও আশপাশে মশক নিধনের ওষুধ ছিটানোর পাশাপাশি স্থানীদের সচেতন করা হয়।
তেজগাঁও থানা বিএনপির নেতা কামাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, “ডেঙ্গুমুক্ত শহর গড়তে পরিচ্ছন্নতার বিকল্প নেই। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা সর্বদা রাজপথে থাকবে।”
সভাপতির বক্তব্যে কামাল মাহমুদ বলেন, “কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। বাসাবাড়ির জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদ রহমান, জালাল মোল্লা ও মাহবুবুল ইসলাম রাজনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

