
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় গহনার মূল্য সমন্বয় করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দামের বিষয়টি জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
বাজুসের নিয়ম অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়। এবারও তেজাবী স্বর্ণের দাম বাড়ার কারণে গহনার দাম বাড়ানো হয়েছে।

