
প্রবাসীদের দাবি-দাওয়া আদায় ও সিলেটবাসীর পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আগামী ১১ অক্টোবর লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলন সফল করতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সেন্ট্রাল লন্ডনের বারাকায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা রিজিওনাল ও শাখা পর্যায়ের নেতারা অংশ নেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। কো-কনভেনর মসুদ আহমদ ও অর্থ সচিব আসরাফ মিয়া সভা পরিচালনা করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্যাট্রন ও শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এবং বিশেষ অতিথি হিসেবে প্যাট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী উপস্থিত ছিলেন। তারা সম্মেলন আয়োজন ও সংগঠনের কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।
এ ছাড়া সাউথ ইস্টের কনভেনর হারুনুর রশিদ, সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক মেয়র ফুলজার আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম, কবি নুরজাহান শিল্পী, শাহ শাফী, সৈয়দ তানজম সুয়েব, আব্দুর রহিম রনজু, সৈয়দ কাহের, আহমেদ সাদিক, মুক্তার আলী, সৈয়দ সায়েম করিম, আব্দুস বাছিত রাফি, গিয়াস উদ্দিন, আব্দুল মুহিত, ইসলাম উদ্দিন, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত, আলি হোসেন, শেখ মিজানুর রহমান, বদরুল হক মনসুর ও আহাদ আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা মতামত ও পরামর্শ দেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী লংলী।
সভায় সংগঠনটির খসড়া সংবিধান অনুমোদন, নির্বাচন কমিশন গঠন এবং রিজিওনাল প্রতিনিধি ও ভোটিং ডেলিগেটদের তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন, পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করা এবং প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ের কার্যক্রম এগিয়ে নিতে সম্মেলনে সবার উপস্থিতি কামনা করেন।

