
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ হিসেবে কেউ বক্তব্য দিলে তার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। কোনো সংসদ সদস্যের অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
রাড্ডা ক্লিনিকের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।
রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা দায়েরের প্রক্রিয়া নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ৯৯৯-এ ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং আলামত সংগ্রহ করেছে। তার ভাষ্য, কোনো এজাহার জমা হলে আইন অনুযায়ী প্রাথমিক তদন্ত করে মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশের যথাযথ যোগাযোগ হয়নি। এটিকে তিনি সমন্বয়ের ঘাটতি হিসেবে উল্লেখ করেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে। তার মতে, একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক নয়।

