
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমও নিশ্চিত করেছে।
এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। গত ২৪ সেপ্টেম্বর রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
এর পরদিন থেকেই মিষ্টির বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়। ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা সেন্টারের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
এদিকে রাড্ডা সেন্টারের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ৩০ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এর পরদিনই তার এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ এবং পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনা ঘটে।
মিষ্টির পদত্যাগের ফলে সংরক্ষিত নারী আসনের ওই সংসদীয় আসনটি শূন্য হলো। পরবর্তী সময়ে আসনটি পূরণের বিষয়ে সংশ্লিষ্ট সাংবিধানিক ও সংসদীয় প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে।

