
বিএনপিকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সবার জন্য সমান। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে তাঁর সরকার কাজ করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।
তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা হয়েছে। তাঁর ভাষ্য, গত ১৭ বছর দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ তৎকালীন শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ যখন বিএনপিকে দায়িত্ব দিয়েছে, বিএনপি তার সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে যে আইন সকলের জন্য সমান।’ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে তাঁর সরকার কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিগত সময়ে আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পরিস্থিতির পরিবর্তন করে ধীরে ধীরে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
কিছু রাজনৈতিক দল বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বন্ধ মিল-কারখানা চালুর মতো কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের বিঘ্ন ঘটলে ক্ষতি দেশের মানুষেরই হবে।
বক্তব্যে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নাম না নিয়ে তিনি ‘রাজনৈতিক দল’ ও ‘গুপ্তদল’ শব্দ ব্যবহার করেন।
তিনি বলেন, অরাজকতা সৃষ্টির চেষ্টা করা একটি রাজনৈতিক দলের ১৯৭১ সালের ভূমিকার কথা মানুষ জানে। ওই সময় নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান সময়েও একটি ‘গুপ্তবাহিনীর’ কিছু সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তবে বিষয়টি তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, বিভিন্ন গণমাধ্যমে তিনি এ বিষয়ে খবর দেখেছেন। যেসব নেতারা অন্যদের পরামর্শ দিচ্ছেন, তাদের আগে নিজেদের দলের ভেতরের বিষয়গুলোর দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে নেওয়া ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পটির আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো পুনর্বাসনের কাজ রয়েছে।
প্রধানমন্ত্রীর দিনব্যাপী ফেনী সফরে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচি রয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

