
মো. জসিম উদ্দিনকে সভাপতি ও মো. রমজান আলীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ কমিটির অনুমোদন দেন। এর মধ্য দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত ১৫ সদস্যের আংশিক কমিটি পূর্ণাঙ্গ রূপ পেল।
কেন্দ্রীয় যুবদলের অনুমোদিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারিতে জসিম উদ্দিনকে সভাপতি, রমজান আলীকে সাধারণ সম্পাদক এবং মো. সুলতান বিন সিরাজকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. নূর সিদ্দিকী সুমন। সহসভাপতি পদে রয়েছেন শেখ মোহাম্মাদ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, হেলাল উদ্দিন হাই, কে এম সবুজ, মো. শাহীন আলম, ইউসুফ মজুমদার, মো. জাহাঙ্গীর আলম, মো. বোরহান উদ্দিন, মো. জাহাঙ্গীর হাওলাদার, নাছির উদ্দিন মোল্লা, মো. কামরুজ্জামান শান্ত, তোরাবক হোসেন রানা, এআর মাসুদ, আক্তার হোসেন, মো. রফিকুল ইসলাম, জালাল শেখ, মো. মিজানুর রহমান বেপারী ও আব্দুল হাকিম।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. রমজান আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সুলতান বিন সিরাজ। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন কেন্দ্রীয় নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জসিম উদ্দিন বলেন, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের ফলে মালয়েশিয়ায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত তরুণ প্রজন্মকে সংগঠিত করে আদর্শভিত্তিক রাজনীতির চর্চা ও নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়া হবে।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক নির্দেশনায় সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নির্দেশনায় কেন্দ্রীয় সিদ্ধান্ত ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।

