ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় শেষ হয়। এরপর এ আসনে পাঁচটি রাজনৈতিক দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
প্রতীক বরাদ্দ অনুযায়ী, বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা। ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।
আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

