রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটটিতে আগুন লাগার পর সেখানে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণের কাজে ইউনিটের সংখ্যা বেড়ে ১০টিতে দাঁড়ায়।
ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

