যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন, একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং নিজের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ এনে স্বামী ভিষান তালুকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ ফারজানা বিথী।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাভারের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। এ সময় তার দুই শিশু সন্তানও উপস্থিত ছিল।
সংবাদ সম্মেলনে ফারজানা বিথী বলেন, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ভিষান তালুকদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১৭ সালে তারা বিয়ে করেন। তার দাবি, ভিষান তাকে বিয়ের আগে আরও দুটি বিয়ে করেছিলেন, তবে সে তথ্য গোপন রেখেছিলেন।
ফারজানার অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বিভিন্ন সময়ে টাকা দাবি করে তার ওপর শারীরিক নির্যাতন চালাতে শুরু করেন স্বামী। একপর্যায়ে তাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয় বলেও দাবি করেন তিনি।
ফারজানা আরও অভিযোগ করেন, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকি বাড়ির গৃহপরিচারিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে দেখতে পাওয়ার পর তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগী গৃহবধূর দাবি, আইনি ঝামেলা থেকে রেহাই পেতে তার বিরুদ্ধে উল্টো তিনটি মামলা করেছেন ভিষান তালুকদার। ন্যায়বিচার চেয়ে পুলিশের সহায়তা না পাওয়ার অভিযোগও করেন তিনি।
ফারজানা বিথী বলেন, দুই শিশু সন্তানকে নিয়ে ন্যায়বিচারের দাবিতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। তার অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ভিষান তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

