
পাবনার সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর এবার সেখানকার মাটি তুলে নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন। বাড়ির ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি মাটি নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিহত শিশুর স্বজনেরা। শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে তাঁদের অভিযোগও রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু কলি হত্যা ও ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত মোস্তফা প্রামাণিকের বাড়িতে ভাঙচুর চালান। এক মাসেরও বেশি সময় ধরে ইট-পাটকেল, লাঠিসোঁটা ও হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয় বাড়িটির দোতলা ভবন। এরপর ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি বাড়ির মাটিও তুলে নিয়ে যেতে দেখা যাচ্ছে লোকজনকে।
স্থানীয় লোকজন অটোরিকশা, সিএনজি, ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে মাটি নিয়ে যাচ্ছেন। কেউ কেউ সেই মাটি দিয়ে আশপাশের রাস্তা মেরামত করছেন। এ কাজে শ্রমিকও নিয়োগ করা হয়েছে। তাঁদের প্রতিদিন ৭০০ টাকা করে মজুরি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, “প্রতিদিন ৭০০ টাকা মজুরিতে মাটি সরানোর কাজ করছি। এই মাটি দিয়ে এলাকার রাস্তা মেরামত করা হচ্ছে। এখানে কোনো মাটিই রাখা হবে না। পরে এখানে পুকুর করে মাছ চাষ করা হবে।”
স্থানীয় বাসিন্দা রমজান আলী বলেন, “এত বড় বিল্ডিং ভাঙা হলো, এখনো কাগজপত্র প্রস্তুত হলো না। এটা খুবই দুঃখজনক।” তিনি দ্রুত বিচারপ্রক্রিয়া শেষ করে অভিযুক্তের ফাঁসির দাবি জানান।
নিহত শিশু কলির দাদা আব্দুস সোবহান পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, শুরু থেকেই তাঁরা পুলিশের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাননি। তাঁর ভাষ্য, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতে পারত।
আব্দুস সোবহান আরও বলেন, মামলার চার্জশিট জমা না হওয়া এবং ফরেনসিক প্রতিবেদন না পাওয়ায় তাঁরা বিচার নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হলে শেষ পর্যন্ত ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও হতাশা প্রকাশ করেন তিনি।
তবে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, মামলার তদন্তকাজ শেষ পর্যায়ে রয়েছে। ফরেনসিক প্রতিবেদন হাসপাতালে পৌঁছেছে বলেও জানান তিনি। দ্রুত আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
যেভাবে উদ্ধার হয় শিশু কলির মরদেহ
গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ এলাকা থেকে নিখোঁজ হয় শিশু কামরুন্নাহার কলি। পরিবারের অভিযোগ, শিশুটি নিখোঁজ হওয়ার পর তাঁরা পুলিশের সহযোগিতা চাইলেও যথাযথ সাড়া পাননি। পরে মানববন্ধন ও প্রতিবাদের মধ্যেই নিখোঁজের সপ্তম দিন, ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোস্তফা প্রামাণিক ও ইয়াছিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন নিহত শিশুর স্বজন ও স্থানীয় বাসিন্দারা। পরিবারের অভিযোগ, শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হলে হয়তো শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো।
মামলার তদন্ত, ফরেনসিক প্রতিবেদন ও অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়ে পুলিশের বক্তব্যের পাশাপাশি বিচারপ্রক্রিয়ার অগ্রগতির দিকেও নজর রাখছেন নিহত শিশুর স্বজনেরা।

