
ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬। স্মার্ট কৃষি, খাদ্য নিরাপত্তা, কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রিসিশন এগ্রিকালচার বা নির্ভুল কৃষি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে আয়োজিত এ মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় মোট ৫৩টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণসহ কৃষি খাতের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেশের কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন, আধুনিকায়ন এবং প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষি উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষকদের মেধার মূল্যায়ন, গবেষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সমাজে তাঁদের সম্মান বাড়ানোর বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবারের মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি কৃষি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫৩টি স্টলে বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী উন্নয়ন একাডেমির মতো প্রতিষ্ঠানের উদ্যোগে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করে কৃষিতে ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত সার প্রয়োগ রোধ এবং জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, গত ২০ বছরে নতুন কূপ খনন না করায় জ্বালানি খাতে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার সুখবর পাওয়া গেছে।
উত্তরাঞ্চলের উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের মাধ্যমে উত্তরাঞ্চলের আলু ও সবজি বিদেশে রপ্তানির পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকাশ, কৃষি যান্ত্রিকীকরণ এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। তিনি কৃষি গবেষণা, শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, গবেষণালব্ধ জ্ঞানের মাঠপর্যায়ে প্রয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়নে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

