ভোলার দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের অভিযানে ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সারসহ আট পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক মূল্য ৬৬ লাখ ১৬ হাজার টাকা। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার রাত একটার দিকে দক্ষিণ আইচা থানার তেঁতুলিয়া নদী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে বোটসহ আটজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: নোয়াখালীর চর জব্বার এলাকার আজগর হোসেন ও সেলিম, লক্ষ্মীপুরের কমলনগর এলাকার কবির হোসেন এবং ভোলার শশীভূষণ এলাকার আব্দুল মমিন, চরফ্যাশনের শামীম ও ইউসুফ, দুলারহাটের সিরাজ এবং দৌলতখানের রায়হান।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

