রাজধানীতে গ্রাম পুলিশ মহাসমাবেশে যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ অংশ নিতে আসার পথে এ ঘটনা ঘটে।
মৃত দুই গ্রাম পুলিশ সদস্য হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।
সমাবেশ শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন অসুস্থ ও আহত গ্রাম পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ ও আহতদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে তাদের চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে বলে জানান।
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকারের পক্ষ থেকে নিহত দুই সদস্যের প্রত্যেকের পরিবারকে তিন লাখ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ ছাড়া নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন তিনি। সরকারি খরচে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছানো এবং দাফন-কাফনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

