ফরিদপুরে গভীর রাতে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মো. কালাচাঁদ (৫০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন।
স্থানীয় লোকজন ও পরিবহন শ্রমিকদের বরাত দিয়ে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ বলেন, রাত ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সাদ্দাম বলেন, রাতে কালাচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আগুনের ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।


