সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার (১৪ নভেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে গুরুত্বপূর্ণ সেমিফাইনাল।
২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নামবে হামজা দেওয়ান চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ। মাঠের লড়াইয়ের আগে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য কিছুটা স্বস্তি দিচ্ছে স্বাগতিকদের। আন্তর্জাতিক ফুটবলে জয়-পরাজয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
দুই দেশের ফুটবল দ্বৈরথের ইতিহাস বেশ পুরোনো। ১৯৮৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার। এর মধ্যে বাংলাদেশের জয় আটটি, পাকিস্তানের পাঁচটি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে জয়ের হিসাবে তিন ম্যাচে এগিয়ে বাংলাদেশ।
দুই দলের শুরুর দিকের লড়াইয়ে বাংলাদেশের আধিপত্য থাকলেও পরবর্তী সময়ে পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে লাল-সবুজের দলকে। ১৯৮৫ সালের ৩০ এপ্রিল ও ২ মে কায়েদে আজম আন্তর্জাতিক কাপে পাকিস্তানকে যথাক্রমে ৩-০ ও ৩-১ গোলে হারায় বাংলাদেশ। একই বছরের ২১ ডিসেম্বর দক্ষিণ এশীয় ফেডারেশন গেমসেও ২-১ গোলের জয় পায় তারা।
তবে ১৯৮৭, ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৫ সালে টানা চার ম্যাচে পাকিস্তানের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। ১৯৯৮ সালে গোলশূন্য ড্রয়ের পর ১৯৯৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের দল। দুই দেশের ফুটবল ইতিহাসে এটি বাংলাদেশের অন্যতম বড় জয়।
২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। একই বছর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দুই দলের একটি ম্যাচ গোলশূন্য ড্র হলেও অন্যটিতে ১-০ গোলে জয় পায় পাকিস্তান।
২০০৯ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর ২০১১ সালের বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। ফিরতি ম্যাচে গোলশূন্য ড্র করে পরবর্তী রাউন্ডে ওঠে লাল-সবুজের দল।
২০১১ সালের সাফ চ্যাম্পিয়নশিপেও দুই দলের ম্যাচ ড্র হয়। ২০১৩ সালে ২-১ গোলে পাকিস্তানের কাছে হারলেও ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ের পর কেটে গেছে আট বছর। দীর্ঘ বিরতির পর এবার আবারও গুরুত্বপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হচ্ছে তারা। পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও সেমিফাইনালে অতীতের হিসাব নয়, মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে ফাইনালের টিকিট।
২০০৫ সালে পাকিস্তানকে হারিয়ে যে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

