দিনাজপুরের খানসামা উপজেলার একটি শ্মশান ঘাট থেকে রাধা-কৃষ্ণের একটি মূর্তি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূর্তিটি সোনার নাকি পিতলের, তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাতিয়ানগড় জালিয়াপাড়া শ্মশান ঘাটে মূর্তিটি পাওয়া যায়। পরে প্রদীপ সরকার নামে স্থানীয় এক ব্যক্তি সেটি নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে মূর্তিটি রেখে পূজা-অর্চনার পাশাপাশি খিচুড়ি রান্নার আয়োজন করা হয়।
মূর্তিটি দেখতে প্রদীপ সরকারের বাড়িতে ভিড় করছেন আশপাশের বিভিন্ন এলাকার উৎসুক মানুষ। তাঁদের কেউ মূর্তিটি সোনার তৈরি বলে ধারণা করছেন, আবার কেউ বলছেন এটি পিতলের তৈরি। তবে মূর্তিটির প্রকৃত ধাতব উপাদান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে। মূর্তিটি আসলে কী ধাতু দিয়ে তৈরি এবং এর প্রকৃত মূল্য কত, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।


