
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের আরসিসি ঢালাই নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে কাঁচা ও কাদামাটির এ সড়কে চলাচলে ভোগান্তি পোহানো স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে আশার সঞ্চার হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হাসান সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণি, জোনায়েদ আলী চৌধুরীসহ বিএনপি ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও ব্যবসায়ীদের ভোগান্তি ছিল বেশি। ৮০ মিটার দীর্ঘ সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মিত হলে স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করছেন বাসিন্দারা।
স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির নির্মাণকাজ বাস্তবায়নে তরুণ রাজনীতিবিদ মো. নুরুল বশরের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের মতে, এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে তাঁর উদ্যোগ প্রশংসনীয়।
এলাকাবাসী আশা করছেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং এলাকার আর্থসামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়দের মতে, যোগাযোগব্যবস্থার উন্নয়ন একটি এলাকার জীবনযাত্রার মান বৃদ্ধি ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের ৮০ মিটার আরসিসি ঢালাই নির্মাণকাজ তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

