
পরিবর্তনের প্রত্যয়ে পাবনা জেলার সদর উপজেলার আতাইকুলা থানার পীরপুর গ্রামের একদল তরুণের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক ও গ্রাম উন্নয়নমূলক সংগঠন ‘সাকো গ্রাম উন্নয়ন সংগঠন’ এর আয়োজনে পাবনার পীরপুর গ্রামের ইছামতী নদীর কচুরিপানা অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের দ্বিতীয় ধাপ আজ শনিবার ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত শনিবার ৭ নভেম্বর এ নদীর কচুরিপানা অপসারণ কার্যক্রমের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়। ধারাবাহিক এই উদ্যোগের অংশ হিসেবে আজ দ্বিতীয় ধাপের কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে পীরপুর গ্রামের তরুণ, যুবক, প্রবীণসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
ইছামতী নদী পীরপুর গ্রামের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত। নদীটি পরিষ্কার ও প্রবহমান থাকলে পানি নিষ্কাশন স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা কমানো, জলজ প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নদীকে ঘিরে গ্রামের মানুষের ঐতিহ্য ও সামাজিক সম্পর্ক রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এই কার্যক্রম বাস্তবায়নে আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান করছে ইউনিয়ন পেইন্টস সহ পাবনা এবং পীরপুর গ্রামের কয়েকজন সম্মানিত প্রবীণ ও শুভাকাঙ্ক্ষী ব্যক্তি। তাঁদের সহযোগিতা ও গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কার্যক্রমটি আরও গতিশীল হয়ে উঠেছে।
এসময় আয়োজকদের বক্তব্যে সাকো গ্রাম উন্নয়ন সংগঠনের সমাজসেবার সম্পাদক মো: শহিদুল্লাহ খান উজ্জ্বল বলেন “নদী শুধু পানির একটি প্রবাহ নয়, এটি আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য ও গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে কচুরিপানা ও ময়লা-আবর্জনা জমে নদীর স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। আমরা চাই, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় নদীটি আবারও তার স্বাভাবিক সৌন্দর্য ও প্রাণ ফিরে পাক। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু নদী পরিষ্কার করছি না, বরং গ্রামের মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে চাই। আমাদের বিশ্বাস, সবাই এগিয়ে এলে যেকোনো ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
সংগঠনটির সভাপতি মো: নাহিদ হাসান নয়ন (নিউজিল্যান্ড প্রবাসী) বলেন,“সাকো গ্রাম উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে তরুণদের ঐক্যবদ্ধ করে পীরপুর গ্রামের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা। নদী পরিষ্কার কার্যক্রম আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নের একটি অংশ। প্রবাসে থেকেও নিজের গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার যে স্বপ্ন আমরা দেখি, এই উদ্যোগ তারই প্রতিফলন। গ্রামের সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করছে। আমরা চাই, এই উদ্যোগ একটি চলমান সামাজিক আন্দোলনে পরিণত হোক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পীরপুর গড়ে উঠুক।”
নদী পরিষ্কার কার্যক্রমের দ্বিতীয় ধাপ শেষে প্রথম ধাপের মতো আজকের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে আয়োজক সংগঠন।

