‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ কর্মসূচির আয়োজন করে নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল প্রাঙ্গণে ফিরে আসে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিনের সভাপতিত্বে সভায় ডায়াবেটিসের কারণ, শনাক্তকরণ ও চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করেন হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার উল করিম।
এ সময় বক্তব্য দেন সমিতির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল জাকি স্টালিন, অর্থ সম্পাদক ডা. আব্দুল মজিদ, কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম ও আব্দুল ওয়াহেদ সরকার। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক ডা. রোজিনা আখতার, ডা. জয়শ্রী রানী সরকার, ডা. মো. মাসুদ রব্বানী, ডা. রাহেনা আখতার খুশি এবং নিউট্রিশনিস্ট মোছা. মেনহাজ শারমীন বক্তব্য দেন।
আলোচনায় ডা. আনোয়ার উল করিম বলেন, দিন দিন ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং নিয়মশৃঙ্খলা মেনে না চললে এ রোগ নিয়ন্ত্রণ করা কঠিন। হাসপাতালে আসা ব্যক্তিদের একটি বড় অংশের মধ্যেই ডায়াবেটিসের উপসর্গ পাওয়া যায় উল্লেখ করে তিনি সবাইকে সচেতন হওয়ার এবং নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করানোর আহ্বান জানান।
সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন বলেন, সমিতির আওতায় বর্তমানে ১২ হাজারের বেশি রোগী রয়েছেন। তাঁদের প্রয়োজনীয় পরামর্শ ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি অসচ্ছল রোগীদের বিনামূল্যে ইনসুলিন সরবরাহ করা হয়।
তিনি আরও জানান, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এসব ক্যাম্পে রোগ শনাক্তের পর রোগীদের চিকিৎসাসেবার আওতায় নেওয়া হয়।
সমিতি সূত্রে জানা গেছে, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮৮৯ জনের রক্ত পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১১৭ জনের ডায়াবেটিস শনাক্ত হয়েছে। সমিতির উদ্যোগে এসব পরীক্ষা বিনামূল্যে করা হয়।

