বাংলাদেশে পরিবেশবান্ধব ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দেশীয় উদ্যোগে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন, লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি এবং সবুজ জ্বালানিভিত্তিক শিল্প বিকাশের ঘোষণা দিয়েছে ‘ইলুপ মোটরস’। কার্বন নিঃসরণ কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশীয় প্রযুক্তি নির্ভর শিল্পায়নকে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে। বাংলাদেশেও এই প্রযুক্তির প্রসার ঘটাতে স্থানীয়ভাবে ইভি উৎপাদন ও আধুনিক ব্যাটারি প্রযুক্তি উন্নয়নের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্বন নিঃসরণ ও দূষণ হ্রাস
ইলুপ মোটরসের মতে, জীবাশ্ম জ্বালানিনির্ভর যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়লে পরিবেশ দূষণ এবং কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমবে। পরিচ্ছন্ন ও টেকসই নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় শিল্প ও কর্মসংস্থান
দেশে ইভি উৎপাদন শিল্প গড়ে উঠলে স্থানীয় প্রযুক্তি খাতের বিকাশের পাশাপাশি নতুন কর্মসংস্থানের বড় সুযোগ সৃষ্টি হবে। এর ফলে যন্ত্রাংশ উৎপাদন, গবেষণা ও প্রকৌশল খাতের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
অত্যাধুনিক লিথিয়াম ব্যাটারি ও অবকাঠামো
প্রতিষ্ঠানটি দেশে অত্যাধুনিক ‘লিথিয়াম আয়রন ফসফেট’ ব্যাটারি উৎপাদন করার পরিকল্পনার কথা জানিয়েছে। এই প্রযুক্তি দীর্ঘস্থায়ী, নিরাপদ এবং উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন হওয়ায় বৈদ্যুতিক যানবাহনের নির্ভরযোগ্যতা বহুগুণ বৃদ্ধি করবে। একই সঙ্গে ইভি জনপ্রিয় করতে দেশজুড়ে চার্জিং অবকাঠামো ও স্টেশন উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের লক্ষ্য
ইলুপ মোটরসের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, বাংলাদেশকে বৈদ্যুতিক যানবাহন ও ব্যাটারি উৎপাদনে একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা এবং ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। এজন্য গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার মাধ্যমে দেশের ইভি খাতে নতুন মানদণ্ড স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।
সরকারি-বেসরকারি নীতিগত সহযোগিতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার দ্রুত সম্প্রসারিত হবে, যা পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয় এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।

